২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের জিম্মি না করার অনুরোধ শিক্ষামন্ত্রীর

“রাজনীতির মাঠে রাজনীতি থাকবে। রাজনীতি মানে অরাজকতা কিংবা ধ্বংসলীলা নয়।”

শিক্ষার্থীদের জিম্মি না করার অনুরোধ শিক্ষামন্ত্রীর

শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 06:55 PM

Updated : 29 Jul 2023, 06:55 PM

শিক্ষার্থীদের জিম্মি করে কোনো রাজনৈতিক দল যেন ফায়দা লুটতে না পারে সেই জন্য আবেদন জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।  

শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ এর পক্ষ থেকে সাংবাদিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনীতির মাঠে রাজনীতি থাকবে। রাজনীতি মানে অরাজকতা কিংবা ধ্বংসলীলা নয়। সামনে নির্বাচন আছে। নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাধ্যমে সব প্রশ্নের মীমাংসা করা সম্ভব।”

শিক্ষামন্ত্রী বলেন, “জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের অপতৎপরতা আবারও বাড়ছে। এটি নিশ্চয় দেশের জন্য মোটেই ইতিবাচক নয়। এই সময়ে তাদের কর্মকাণ্ড দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেবে।”

দেশের উন্নয়নের কথা উল্লেখ করে দীপু মনি বলেন, “বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে উন্নয়নের দিকে। তার সবকিছুই ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের। কারণ কোভিডের সময় তাদের অনেক অসুবিধা হয়েছে। এখন আমরা সেগুলো কাটিয়ে উঠছি।”

জাতীয় নির্বাচনের আগে চলতি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, “আগামী নভেম্বর মাসের মধ্যে আমরা শিক্ষার্থীদের এই বছরের শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি ও পরীক্ষাসহ সব কিছু শেষ করার চেষ্টা করছি।”

সেই সময়ে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করলে দেশব্যাপী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলে জানান দীপু মনি।

তিনি বলেন, “আশা করি, যে কোনো রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সঙ্গে নতুন প্রজন্মের বিষয়টি এবং তাদের স্বার্থকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।”

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান। 

এর আগে সকালে মন্ত্রী চাঁদপুর সদর উপজেলা পরিষদে জেলা মৎস্য বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।