জাবিতে আন্তঃহল ফুটবল খেলায় সংঘর্ষ, আহত ৩০
আ ফ ম কামালউদ্দিন হল ও মওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার দুই দফা সংঘর্ষ হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ফুটবল খেলায় অফসাইডকে কেন্দ্র করে দুটি হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আ ফ ম কামালউদ্দিন হল ও মওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান ডা. শামসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে আন্তঃহল চ্যান্সেলর কাপ ফুটবল টুর্নামেন্ট চলাকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অফসাইডকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম দফায় ও পরে বটতলায় দ্বিতীয় দফায় এ সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষর্দ্শীরা জানান, প্রাথমিকভাবে মাঠের পরিস্থিতি সামাল দেওয়া হলেও শিক্ষার্থীরা নিজ নিজ হলের সামনে এসে জড়ো হতে থাকেন। সেখান থেকেই বটতলা এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে উভয় হলের শিক্ষার্থীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। এ সময় দুই পক্ষ থেকেই এলোপাথাড়ি ইট-পাটকেল ছোড়া হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের জাবির চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শামসুর রহমান বলেন, "কতজন আহত হয়েছে তা নির্দিষ্ট করে বলা কঠিন। আমরা ছয়জন চিকিৎসক শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিয়েছি। কমপক্ষে ৩০ জনের মত আহত হয়েছে, যার মধ্যে ৫ জনের অবস্থা খারাপ ছিল। ৪ জন মাথায় ইটের আঘাত লেগেছে এবং একজন মুখ ও দাঁতে আঘাতপ্রাপ্ত হয়েছে।"
ঘটনার বিষয়ে জাবি প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, "বিকালে খেলাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীরা বিবাদে জড়ায়। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।"
এ বিষয়ে হলের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন, "আমরা শিক্ষার্থীদের শান্ত করেছি। দুই হলের শিক্ষার্থীরা আপাতত হলে ফিরেছে। সবাইকে নিয়ে আলোচনায় বসে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম সংশ্লিষ্ট হল দুটি পরিদর্শনে যান।
হল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা দুই হলেই গিয়েছি, হলের শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেছি। কেউ যদি দেশীয় অস্ত্র বহন করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
