টাঙ্গাইলে মই থেকে পড়ে কাঠ মিস্ত্রির মৃত্যু
ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে আহত হন ওই কাঠ মিস্ত্রি।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার গুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে দিঘলকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বদিরুজ্জামান স্বাধীন জানান।
নিহত উজ্জল সূত্রধর (৪০) উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বিয়ারা গ্রামের জোয়ান সূত্রধরের ছেলে। তিনি কাঠ মিস্ত্রির কাজ করতেন।
ইউপি সদস্য স্বাধীন জানান, উজ্জল ওই এলাকায় একটি ভবনে মই দিয়ে কাজ করছিলেন। এ সময় হঠাৎ মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া।
