২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার সড়কে ঝরল দুই প্রাণ

ফুলছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় রাঙ্গার ও পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় কৃষক গোফফারের মৃত্যু হয়।  

গাইবান্ধার সড়কে ঝরল দুই প্রাণ

প্রতীকী ছবি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 10:05 PM

Updated : 26 Jul 2023, 10:05 PM

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন। 

বুধবার সকালে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া একাডেমি বাজারে এবং ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার সদরের ব্র্যাক মোড়ে এ দুই ঘটনা ঘটে। 

ফুলছড়ি থানার ওসি রজ্জব আলী ও পলাশবাড়ী থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত রাঙ্গা মিয়া (৫০) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা এবং কৃষক গোফফার মিয়া (৫৫) পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলার বাসিন্দা। 

আহত রাখু মিয়া ফুলছড়ি উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফুলছড়ি থানার ওসি রজ্জব আলী বলেন, রাঙ্গা মিয়া বাড়ি থেকে পায়ে হেঁটে কঞ্চিপাড়া একাডেমি বাজারে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাঙ্গা মিয়া ও মোটরসাইকেল আরোহী রাখু মিয়া গুরুতর আহত হন। 

তিনি বলেন, পরে তাদের দুইজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাঙ্গার মৃত্যু হয়। আহত রাখু মিয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে পলাশবাড়ী থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, সকালে গোফফার মিয়া নিজ ক্ষেত সবজি তুলে বিক্রি করার জন্য সাইকেলযোগে পলাশবাড়ী বাজারে যাচ্ছিলেন। 

পথে ওই এলাকায় রংপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

ট্রাকটি জব্দ করা হয়েছে; চালত পলাতক বলে জানান পুলিশের এই কর্মকর্তা।