২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাগজ-বিদ্যুতের সংকট নেই, যথাসময়ে পৌঁছাবে পাঠ্যবই: শিক্ষামন্ত্রী

ইতোমধ্যে প্রাথমিকের বই ছাপার টেন্ডার শেষ হয়েছে; আর মাধ্যমিকের টেন্ডারের কাজ চলছে বলে জানিয়েছেন দীপু মনি।

কাগজ-বিদ্যুতের সংকট নেই, যথাসময়ে পৌঁছাবে পাঠ্যবই: শিক্ষামন্ত্রী

শুক্রবার চাঁদপুর সার্কিট হাউসে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 02:57 PM

Updated : 25 Aug 2023, 02:57 PM

কাগজ কিংবা বিদ্যুতের কোনো সংকট না থাকায় এ বছর যথাসময়ে সব উপজেলায় পাঠ্যবই পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেছেন, “ইতোমধ্যে প্রাথমিকের টেন্ডারের কাজ শেষ হয়েছে। আর মাধ্যমিকের টেন্ডারের কাজ চলছে। একের পর এক কাজ যাচ্ছে আর অনুমোদন হয়ে আসছে। শিগগিরই সবগুলোর টেন্ডারের কাজ শেষ হবে। আশা করি বছরের প্রথম দিনই বই উৎসব করতে পারব।”

কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় গতবছর কাগজের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যায়। তার মধ্যে লোডশেডিংয়ের কারণে বই ছাপার কাজ বিঘ্নিত হয়।

সব মিলিয়ে বছরের প্রথম দিন সব শিশুর হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়ার দীর্ঘদিনের রেওয়াজে ছেদ পড়ে এবার।

আওয়ামী লীগে কোন্দল নিয়ে এক প্রশ্নের উত্তরে দীপু মনি বলেন, “দলে ছোট কিংবা বড় ধরনের দ্বন্দ্ব থাকলে, সেটা আওয়ামী লীগ নিরসনে সচেষ্ট থাকবে। একটি গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগে এর চর্চা সবসময়ই আছে। আর দ্বন্দ্ব নিরসন গণতান্ত্রিক চর্চারই একটি অংশ।”

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান এ সময় উপস্থিত ছিলেন।