সিরাজগঞ্জ-৬: নৌকার প্রার্থী চয়ন ইসলামকে শোকজ
আগামী রোববার বেলা সাড়ে ১১টায় মধ্যে প্রার্থীকে অস্থায়ী আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর দেওয়া অভিযোগে সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চয়ন ইসলামকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে আসনটির নির্বাচনি অনুসন্ধান কর্মকর্তা, যুগ্ন জেলা ও দায়রা জজ মো. মামুন-অর-রশিদ এ নোটিস দেন বলে ওই আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা জানান।
নোটিসে আগামী রোববার বেলা সাড়ে ১১টায় মধ্যে চয়ন ইসলামকে বা তার প্রতিনিধির মাধ্যমে শাহজাদপুরে জেলা ও দায়রা জজের অস্থায়ী আদালতে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিসে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাদপুরের দ্বারিয়াপুর রাসেল স্মৃতি সংঘে চয়ন ইসলামের নির্বাচনি ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন।
সেখানে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের হালিমুল হক মিরুকে মানহানিকরভাবে দ্বারিয়াপুরে প্রতিহত করার জন্য কর্মী-সমর্থকদের নির্দেশ ও ভোটের দিন ঈগল মার্কার পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার হুমকি দেন নজরুল।
তার ওই বক্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে হালিমুল হক মিরু নির্বাচনি অনুসন্ধান কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
মিরুর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান কমিটি চয়ন ইসলামকে শোকজ করেন।
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য চয়ন ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে অন্য একজন কল রিসিভ করে বলেন, “তিনি (চয়ন ইসলাম) মিটিংয়ে ব্যস্ত আছেন।”
