২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাস জানা জরুরি’

খুলনায় দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ২০জন গবেষক ও বিশেষজ্ঞ প্রবন্ধ উপস্থাপন করবেন

‘তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাস জানা জরুরি’

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2022, 05:20 PM

Updated : 09 Dec 2022, 05:25 PM

আজকের তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি তাদের মুক্তিযুদ্ধ ও গণহত্যার  ইতিহাস জানা জরুরি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। 

প্রতিমন্ত্রী বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন নয় মাস এদেশের মানুষ পাকিস্তানি বাহিনীর দ্বারা নিদারুণ নির্যাতন ও নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। খুলনার চুকনগরে ইতিহাসের সর্ববৃহৎ গণহত্যা সংঘটিত হয়েছিলো।” 

শুক্রবার সকালে খুলনায় শুরু হওয়া ‘বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে বাংলাদেশ গণহত্যা: পরিণাম, প্রতিরোধ ও ন্যায়বিচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

জেলা শিল্পকলা অ্যাকাডেমির অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী। 

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নির্যাতন ক্যাম্পে নিজে আটক থাকার কথা স্মরণ করে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধকালে দেশপ্রেমিক বাঙালিদের অমানুষিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। 

“বিজয়ের পর দেখা যায়, বধ্যভূমিগুলোতে হাজার হাজার মানুষের লাশ শেয়াল-শকুনে খাচ্ছে আর স্বজন হারানোরা লাশ খুঁজে ফিরছেন। আজকের তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি তাদের এই ইতিহাস জানাতে হবে।” 

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে আজকের সম্মেলনে অনেকেই এসেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য ও সহযোগিতার কথা আমরা ভুলিনি। 

“ভারত আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলো এবং দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদান ছিলো। 

গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র এবং ইতিহাস সম্মিলনীর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন। 

স্বাগত বক্তৃতা করেন ভারতের জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় কে ভরদ্বাজ। 

সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মাহবুবর রহমান জানান, দুই দিনব্যাপী এ সম্মেলনের চারটি অধিবেশনে দেশ-বিদেশের প্রায় ২০জন গবেষক ও বিশেষজ্ঞ বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বঙ্গবন্ধুর ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন।