২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটকে বিশ্বমানের নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি কুটুর

১৯৮০ ও ৯০ এর দশকে ছাত্রলীগের জনপ্রিয় নেতা ছিলেন আব্দুল হানিফ কুটু, সিলেট এমসি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে দুইবার জিতেছেন।

সিলেটকে বিশ্বমানের নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি কুটুর

সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার পড়ছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল হানিফ কুটু।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 07:39 PM

Updated : 17 Jun 2023, 07:39 PM

নগরবাসীর সহযোগিতা ও পরামর্শ নিয়ে জলাবদ্ধতা ও দুর্নীতিমুক্ত স্মার্ট-জনবান্ধব সিলেট গড়ে তোলার প্রত্যাশার কথা জানিয়েছেন সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হানিফ কুটু।

শনিবার নগরীর টিলাগড়ে নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।

১৫ দফা ইশতেহারে নগরীর পয়ঃনিষ্কাশন ও সৌন্দর্যবর্ধনকে অগ্রাধিকার দিয়েছেন আব্দুল হামিদ কুটু।

এ ছাড়া জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, বিশুদ্ধ পানীয় জল নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বাসস্থান, খেলা ও বিনোদন, যানজট সমস্যার সমাধান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সৃষ্টিসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে তার ইশহেতারে।

তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, স্মার্ট নগরীর নাগরিক সেবা নিশ্চিত করা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে নানা পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন।

নির্বাচনী ইশতেহার ঘোষণার আগে নিজের রাজনৈতিক ও ব্যক্তি পরিচয় তুলে ধরেন আব্দুল হানিফ কুটু।

তিনি বলেন, “আমি সিলেট নগরীর টিলাগড়ের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। নগরবাসীর সঙ্গে আমার সুখ-দুঃখ জড়িত। আমি ১৯৮৬ সালে সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও মুরারিচাঁদ কলেজ (এমসি) থেকে এইচএসসি পাশ করি। আমি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হই।”

১৯৮০ ও ৯০ এর দশকে স্থানীয়ভাবে ছাত্রলীগের বেশ জনপ্রিয় নেতা ছিলেন আব্দুল হানিফ কুটু। সিলেট এমসি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে দুইবার জিতেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিই করতেন, যদিও দলে কোনো পদ নেই তার।

সংবাদ সম্মেলনে নির্বাচনি প্রচারে সব প্রার্থীর সঙ্গে সমান আচরণ করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। অন্য প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগও আনেন।

এই মেয়র প্রার্থী বলেন, “আমার প্রচারে দুটি মাইক ব্যবহৃত হলে আমাকে জরিমানা করা হয় কিন্তু অন্যান্য প্রার্থীরা বিশেষ করে নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীরা বার বার আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।”

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি আমলে নেন এবং ব্যবস্থা নেওয়ার জন্য আঞ্চলিক রিটার্নিং অফিসারকে নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি।”

নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা জানিয়ে তিনি বলেন, “যে কোনো পরিস্থিতিতেই আমি নির্বাচনের মাঠ ত্যাগ করব না। আমি রাজনীতি করতে গিয়ে বার বার নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আমার আদর্শ থেকে পিছপা হইনি। সিলেটের উন্নয়নসহ যেকোনো দাবি আদায়ের আন্দোলনে নগরবাসীর পাশে ছিলাম, পাশেই থাকব।”

মেয়র নির্বাচিত হলে ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও আধুনিকতার সমন্বয়ে সিলেটকে বিশ্বমানের বাসযোগ্য একটি নগরী হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন আব্দুল হানিফ কুটু।

আরো পড়ুন:

সিলেটে নৌকার আনোয়ারুজ্জামানের লড়াই ‘ছাত্রলীগের’ কুটুর সঙ্গেও?