২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে আরসার ‘সামরিক কমান্ডার’ নূরসহ গ্রেপ্তার ৬

অভিযানকালে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 01:14 AM

Updated : 22 Jul 2023, 01:44 AM

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আরসার এক ‘সামরিক কমান্ডার’সহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে অভিযানকালে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশের বিশেষ এ ইউনিট।

আটক হাফেজ নূর মোহাম্মদ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। তিনি মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সামরিক কমান্ডার বলে জানিয়েছেন র‌্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম চৌধুরী।

তিনি জানান, শুক্রবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার গোপন সংবাদের ভিত্তিতে গহীন পাহাড়ে এ অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ দল। দলটি ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরসার কমান্ডার নূরকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্য মতে আরসার আরও পাঁচ সদস্যকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করার কথা বলেন এ র‌্যাব কর্মকর্তা।

আটক নূর মোহাম্মদের বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মানব ও মাদকপাচার এবং আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

অভিযানের বিস্তারিত শনিবার সকালে সংবাদ সম্মেলনে জানানো হবে।

পুরনো খবর:

কক্সবাজারে এপিবিএনের সঙ্গে গোলাগুলি, ‘আরসার শীর্ষ কমান্ডার’ নিহত
রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুন: ‘আরসা সন্ত্রাসী’ সাব্বির গ্রেপ্তার