২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, ঠাঁই নেই হাসপাতালে

হাসপাতালের বারান্দা ও সিঁড়ির পাশে শুয়ে থেকে রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে।

অভয়নগরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, ঠাঁই নেই হাসপাতালে

হাসপাতালের বারান্দায় মশারি টানিয়ে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 09:40 PM

Updated : 18 Oct 2022, 09:40 PM

যশোরের অভয়নগর উপজেলায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে! রোগীর সংখ্যা বাড়তে থাকায় বেড সংকুলান হচ্ছে না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সরেজমিনে গিয়ে হাসপাতালের বারান্দা ও সিঁড়ির পাশে শুয়ে থেকে রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্যে জানা গেছে, রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত এ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সময় যত গড়াচ্ছে রোগীর সংখ্যাও বাড়ছে।

হাসপাতালটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, “হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ এতটাই বেড়েছে যে, অন্য রোগীদের ভর্তি রাখা দুরূহ হয়ে পড়েছে। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা।”

তিনি জানান, পাশের মণিরামপুর উপজেলাতেও ডেঙ্গুর ভয়াবহতা আছে। তবে সেখানে ডেঙ্গুর টেস্ট কম হওয়ায় নজরে আসছে না।

হাসপাতালের দেওয়া তথ্য মতে, সোমবার বিকাল ৪টা পর্যন্ত ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ডেঙ্গু রোগী ভর্তি ছিল ৫১ জন।

রেজিস্ট্রার থেকে পাওয়া তথ্য অনুযায়ী চলতি মাসের ১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত এ স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

এক উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার বিষয়টি স্বীকার করে যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাকিব বলেন, “সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। জনসচেতনতা সৃষ্টির বিষয়ে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।”