নারায়ণগঞ্জে কিশোরীকে হত্যায় দম্পতির যাবজ্জীবন
একই ঘটনায় মানবপাচার আইনে আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে।
কিশোরীকে শ্বাসরোধে হত্যার অপরাধে নারায়ণগঞ্জে এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবউদ্দিন আহমেদ জানান৷
সাজাপ্রাপ্তরা হলেন- পটুয়াখালী জেলার কলাপাড়ার পাঁচদনিয়া গাজীবাড়ির আব্দুল মজিদের ছেলে স্বপন গাজী (৪৫) ও তার স্ত্রী আঁখি আক্তার তমা (৩৯)।
রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন৷
মামলার নথির বরাতে জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, পোশাক কারখানায় চাকরি দেবার কথা বলে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গ্রাম থেকে এনে যৌনকর্মে বাধ্য করেছিলেন আসামিরা। ভুক্তভোগী কিশোরী এ কাজে অসম্মতি জানালে ২০১৩ সালের ৯ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাসায় নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাকে৷
এ ঘটনায় পরদিন ওই দম্পতিকে আসামি করে মামলা করেন বাড়িওয়ালা৷ এর পর নয় বছর পর মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হয়েছে৷
পিপি রকিবউদ্দিন বলেন, আদালতে মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তাসহ ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়৷ গ্রেপ্তার আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন৷ সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে দুই আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করেন আদালত৷
একইসঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া, একই ঘটনায় মানবপাচার আইনে আদালত আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশও দিয়েছেন বলে জানিয়েছেন পিপি।
