বাগেরহাটে দোকানের দেয়াল ভেঙে ‘৮০ ভরি স্বর্ণালংকার’ চুরি
পাহারাদারকে বোকা বানিয়ে সটকে গেল চোর।
বাগেরহাট শহরে একটি সোনার দোকানের দেয়াল ভেঙে ৮০ ভরি গহনা চুরির অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহরের রেল রোডে প্রনব জুয়েলার্সে এ ঘটনা ঘটে বলে ওই দোকানের মালিক প্রবীর সরকার জানান।
শনিবার সকালে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রবীর সরকার এই প্রতিবেদককে বলেন, তার দোকানের পেছনের ইটের দেয়াল শাবল দিয়ে ভেঙে ভেতরে ঢুকে চোরেরা প্রথমে সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে। পরে তারা লোহার সিন্দুক ভেঙে ও সামনের শো-কেসে রাখা স্বর্ণের গহনা নিয়ে যায়। মোট সোনার পরিমাণ অন্তত ৮০ ভরি।
বাগেরহাট জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক নিলয় কুমার ভদ্র এই প্রতিবেদককে বলেন, অন্য এক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরের দল শুক্রবার রাত ১২টা ৩৭ মিনিটে দোকানে প্রবেশ করে এবং ভোর সাড়ে ৪টার দিকে বের হয়ে গেছে। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।
নিলয় ভদ্র আরও জানান, চোরের দল বেরিয়ে যাওয়ার সময় পাহারাদার হালিম টের পেয়ে এগিয়ে আসেন। তখন চোরেরা দোকানের সামনে দাঁড়িয়েই হালিমকে পাশের গলি দেখিয়ে দিয়ে বলে- চোরেরা ওই গলি দিয়ে গেছে। হালিম তাদের কথায় বিশ্বাস করে পাশের গলিতে যাওয়ার ফাঁকে চোরেরা সটকে পড়ে। পাহারাদারকে বোকা বানিয়ে চোরেরা পালিয়ে যায়।
এর কয়েক মিনিটের মধ্যে রাতে শহরে টহলে থাকা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েও চোরদের ধরতে পারেনি।
রাতে টহল দলে থাকা বাগেরহাট সদর মডেল থানার এক এসআই নাম প্রকাশ না করার শর্তে বলেন, “চুরির কিছুক্ষণ পরই আমরা ঘটনাস্থলে চলে আসি। এসে নাইটগার্ড হালিমকে পাই। হালিম বলেন, ‘দুটো লোক আমাকে বোকা বানিয়ে এখান থেকে চলে গেছে।’ আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে অভিযান চালাই। কিন্তু তার আগেই শহরের কোনো এক গলি দিয়ে তারা পালিয়ে গেছে।”
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দোকানের ও আশেপাশের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি, চোরের দলকে শিগগিরই শনাক্ত করা সম্ভব হবে।”
