রাজশাহীতে ৮ সোনার বারসহ যুবক গ্রেপ্তার
পাচারের উদ্দেশ্যে ইজিবাইকে করে সোনার বার নিয়ে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন কামরুজ্জামান।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আটটি সোনার বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সরকারি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম।
গ্রেপ্তার কামরুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভীন আক্তার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এক যুবক সোনার বার নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ইজিবাইকে করে গোদাগাড়ীর দিকে যাচ্ছেন।
“পরে পুলিশসহ সড়কে অবস্থান নিয়ে যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় সন্দেহজনক ইজিবাইক থামিয়ে কামরুজ্জামানের শরীর তল্লাশি করে আটটি সোনার বার পাওয়া যায়।”
পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোনার বারগুলো শনাক্ত করা হয়। ওই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে করাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি কামরুল।
