তিন শিক্ষার্থীকে ‘শিবির সন্দেহে’ নির্যাতনের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
ভুক্তভোগীদের অভিযোগ, তাদের কাছ থেকে ‘শিবির কর্মী’ মর্মে লিখিত নেওয়া হয়; পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘শিবির সন্দেহে’ তিন শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
মঙ্গলবার মধ্যরাতের দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক কামাল হোসেন।
তিন শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের নবম ব্যাচের ছাত্র গোলাম রহমান জয়, ইংরেজী বিভাগের দশম ব্যাচের ছাত্র আসাদুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১১তম ব্যাচের আজিজুল হক। তারা শহরের বাসস্ট্যান্ড ও অনন্ত এলাকায় বাসাভাড়া করে থাকেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, রাতে তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন এসে তাদের ‘শিবির সন্দেহে’ ধরে বঙ্গবন্ধু হলে নিয়ে যায়। পরে সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পৃথক কক্ষে নিয়ে নির্যাতন চালায়।
তাদের কাছ থেকে ‘শিবির কর্মী’ মর্মে লিখিত নেওয়া হয়। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামাল হোসেন বলেন, “রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঝামেলার বিষয়টি অবহিত হই। পরে সহকর্মীদের নিয়ে এসে দেখি সব ছাত্র রুম থেকে বের হয়ে এসে চিৎকার-চেঁচামেচি করছে। তখন আমরা তিন ছাত্রকে রক্ষা করি। এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করি। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিন শিক্ষার্থীকে থানায় নিয়ে যায়।”
তিনি আরও বলেন, “তাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ছাত্র শিবির হলেই কাউকে বিনা কারণে মারপিট করতে হবে এটা হতে পারে না। কেউ অপরাধ করলে আইন আছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
পাবনা সদর থানার ওসি কৃপাসিন্ধু বালা বলেন, “রাত দেড়টার দিকে তিন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের পাবনা জেনারেল হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়। তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। আমরা এখনও নিশ্চিত হতে পারিনি তারা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন কি-না।”
পাবনা সদর থানার এসআই জসিম উদ্দিন বলেন, “তিনজনের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে। দুজনকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।”
থানা হেফাজতে দুই শিক্ষার্থী আসাদুল ইসলাম ও আজিজুল হক সাংবাদিকদের কাছে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু শিক্ষার্থীদের নির্যাতনের সঙ্গে নিজের এবং সংগঠনের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “কারা তিন শিক্ষার্থীকে মারপিট করেছে আমরা জানি না। তবে তারা যে শিবিরকর্মী এতে কোনো সন্দেহ নেই।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক নাজমুল হোসেন বলেন, “প্রক্টরের মাধ্যমে খবর পেয়ে ক্যাম্পাসে এসেছিলাম। পরে ওই শিক্ষার্থীদের আটক অবস্থায় দেখি। তাদের কাছে থেকে শিবিরের রিপোর্ট বই, ব্যক্তিগত ডাইরি এবং কিছু মোবাইল ও সিম উদ্ধার করা হয়।“
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মো. ওমর ফারুক বলেন, “প্রক্টর ও ছাত্র উপদেষ্টার ফোন পেয়ে হলে এসে ওই শিক্ষার্থীদেরকে দেখতে পাই। তারা হলের শিক্ষার্থী নয়, ক্যাম্পাসের বাইরে থাকে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।“
পাবনা জেলা পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী বলেন, “খবর পেয়ে আমরা বিশ্ববিদ্যালয় থেকে আহত অবস্থায় তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর নির্যাতিতরা যদি অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসপি।
