২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্র মামলায় শিবির নেতার ২৪ বছরের সাজা

২০১৬ সালের ১১ জুলাই অস্ত্র ও গুলিসহ আকরামকে আটক করে পুলিশ।

ঝিনাইদহে অস্ত্র মামলায় শিবির নেতার ২৪ বছরের সাজা

ঝিনাইদহে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 06:45 PM

Updated : 09 Oct 2023, 06:45 PM

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অস্ত্র মামলায় ছাত্র শিবিরের এক নেতাকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার ঝিনাইদহের জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ইসমাইল হোসেন। 

দণ্ডপাওয়া আকরাম হোসেন (৩০) উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে।

মামলার বরাতে পিপি ইসমাইল বলেন, ২০১৬ সালের ১১ জুলাই উপজেলার দয়ারামপুর আলিম মাদ্রাসা থেকে একটি ওয়ান শুটার গান ও ১০টি গুলিসহ আকরামকে আটক করে পুলিশ। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে কোটচাঁদপুর থানায় পুলিশ মামলা করে বলে জানান তিনি। 

পরে ওই বছরের অগাস্টে চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 

সাক্ষ্যগ্রহণ শেষে তিনটি ধারায় আদালত আকরামকে ২৪ বছরের কারাদণ্ড এবং বাকি আসামিদের বেকসুর খালাস দিয়েছে বলে জানান আইনজীবী ইসমাইল।