১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হাতিয়ায় জনসংযোগের সময় দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ

প্রচারের এক পর্যায়ে পেছন থেকে একটি অটোরিকশা তার বাম পায়ের ওপর উঠে যায়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 03:49 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনি জনসংযোগ করার সময় দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

রোববার বিকালে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তার বাম পায়ের ওপর উঠে যায় বলে জানান হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা। 

এ ঘটনায় নোয়াখালী-৬ আসনে এনসিপির প্রার্থী হান্নান মাসউদ পায়ে ব্যথা পাওয়ার পর কিছুটা স্বাভাবিক হলেও অতিরিক্ত জনসংযোগ চালিয়ে যাওয়ার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা। 

প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান বলেন, “অটোরিকশাটি দ্রুতগতিতে চালাচ্ছিল অল্প বয়সি এক চালক। সাধারণ জনগণের সঙ্গে মুসাফাহা করার মুহূর্তে পেছন দিক থেকে আসা অটোরিকশাটি হান্নান মাসউদের শরীরের সঙ্গে লেগে যায়। এতে তিনি পায়ে আঘাত পান। 

“পরে হান্নান মাসউদের এক্স-রে করানো হয়েছে। কোনো ধরনের ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ সেবন করছেন এবং দুই-একদিন বেড রেস্টে থাকবেন।”

এনসিপি নেতা হান্নান মাসউদ বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। অটোরিকশাচালক ছিল অল্প বয়সি, এখানে কারও কোনো দোষ নেই। 

“তাৎক্ষণিক বিষয়টি বুঝতে না পারলেও পরে জনসংযোগ চালিয়ে যাওয়ায় পায়ের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। তবে আমি আশঙ্কামুক্ত। এটি কোনও পূর্বপরিকল্পিত নাশকতা বা ষড়যন্ত্রমূলক ঘটনা নয়।”