২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই মাস পর তালা ভেঙে কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন থেকে নওগাঁ কার্যালয়ে তালা ঝুলছিল বলে জানায় নেতাকর্মীরা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 10:01 PM

Updated : 18 Jan 2024, 10:01 PM

আড়াই মাস পর দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নওগাঁ বিএনপির নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহরের কেডির মোড় কার্যালয়ে ঢুকে পড়েন। 

নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিন আহমেদ নিপু, রুবেল হোসেন ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আলম রোমিও এ সময় উপস্থিত ছিলেন। 

মাসুদ হায়দার বলেন, “দীর্ঘ আড়াই মাস ধরে বিএনপির কার্যালয় তালাবদ্ধ করে রেখেছিল সরকার। গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে দেওয়ার লড়াই সংগ্রাম করতে গিয়ে মিথ্যা মামলায় আমাদের জেলে যেতে হয়। ৪৫ দিন কারাভোগ শেষে মুক্তি মিলেছে। 

“আমরা সবাই একত্রিত হয়ে যুবদল, ছাত্রদলসহ কার্যালয়ে এসেছি। পরে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করি। আজ থেকে কার্যালয়ে পূর্বের ন্যায় প্রতিদিন খোলা থাকবে।” 

গত বছরের ২৮ অক্টোবর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশের দিন থেকে নওগাঁ কার্যালয়ে তালা ঝুলছে। তবে কারা তালা দিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয়।