২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আট সদস্যের সংবাদ সম্মেলন

চেয়ারম্যান মিজানুর রহমান লাভলু বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আট সদস্যের সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মাধবখালী ইউনিয়ন পরিষদের আট সদস্য।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 10:46 PM

Updated : 23 Aug 2023, 10:46 PM

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আট সদস্য। 

বুধবার দুপুর ১২টায় মাধবখালী ইউনিয়ন পরিষদের সদস্যরা পটুয়াখালী প্রেসক্লাবে এসে এ সংবাদ সম্মেলন করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য মোল্লা মারুফ হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মনির হোসেন, মো. উজ্জ্বল মৃধা, মো. মহসিন, মো. তসলিম, সিরাজুল ইসলাম ও মোসা. আতিয়া আক্তার। 

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ২০২১ সালের ২৮ নভেম্বর মাধবখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজী মিজানুর রহমান লাভলু চেয়ারম্যান নির্বাচিত হন। তারপর থেকে এ পর্যন্ত তিনি কোনো সভা করেননি। নিজের ইচ্ছামত বিভিন্ন এজেন্ডা দেখিয়ে রেজুলেশন লিখে নেন।

চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনে আরও বলা হয়, এরই মধ্যে আট সদস্য তার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন। বিষয়টি জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পেয়ে তদন্ত করার জন্য ডিডি-এলজিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

তবে অভিযোগ অস্বীকার করে মাধবখালী ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার অধিকার তাদের আছে। কিন্তু যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা কতটুকু সত্য ও সঠিক সেটা হচ্ছে মূল বিষয়। 

এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলেন, “ওই আটজন মেম্বারের ছয়জনই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তারা ষড়যন্ত্রে লিপ্ত।”