১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

খিয়াং নারীকে ‘ধর্ষণ’-হত্যা: গ্রেপ্তারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

সোমবার থানচি-লিক্রি নির্মাণাধীন সড়কে তিন্দু ইউনিয়নের মংখয় পাড়ার বাসিন্দা চিংমা খিয়াংয়ের লাশ উদ্ধার করা হয়।

খিয়াং নারীকে ‘ধর্ষণ’-হত্যা: গ্রেপ্তারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
খিয়াং নারীকে ‘ধর্ষণের পর’ হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 08:44 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

বান্দরবানের থানচি উপজেলার তিন্দুতে খিয়াং নারীকে ‘ধর্ষণের পর’ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন বুধবার বিকাল রাঙামাটি কুমার সুমিত রায় জিমনেসিয়ামের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ করে। 

এর আগে, কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে ঘুরে পুনরায় জিমনেসিয়াম প্রাঙ্গণে ফিরে আসে।

হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটির সদস্য সূচনা চাকমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পিসিপির সাধারণ সম্পাদক রুমেন চাকমা, সহসাধারণ সম্পাদক মিলন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ম্রানুসিং মারমা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম জেলা কমিটির সভাপতি অলনা তঞ্চঙ্গ্যা, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী নীলা চাকমা। 

বক্তারা বলেন, অপরাধীদের বিচার না হওয়ায় তাদের সাহস বেড়ে যাচ্ছে। তাদের প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে। পাহাড়িদের ওপর শোষণ, নিপীড়ন-নির্যাতনের চালানো হচ্ছে। এমন নারকীয় অভিশপ্ত জীবন নিয়ে কেউ বেঁচে থাকতে পারে না। পাহাড়িদের নিজেদের ভূমিতে সংখ্যালঘু করা হচ্ছে। আদিবাসী মানুষের অর্থনীতি-রাজনীতি দুর্বল হয়ে যাচ্ছে। রাষ্ট্র তার সুপরিকল্পিত নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে আর পাহাড়িদের ধ্বংসের দিকে ফেলছে। 

সোমবার বিকালে থানচি-লিক্রি নির্মাণাধীন সড়কে তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মংখয় পাড়ার বাসিন্দা চিংমা খিয়াংয়ের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

আরও পড়ুন:

খিয়াং নারী ধর্ষণ ও হত্যায় বান্দরবানে বিক্ষোভ, 'সর্বোচ্চ গুরুত্বের

'ধর্ষণের ভয়ে পাহাড়ি নারীদের প্রতিনিয়ত দিন পার করতে হয়'

খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ: খাগড়াছড়িতে প্রতিবাদ

বান্দরবানের জঙ্গলে খেয়াং নারীর রক্তাক্ত লাশ, স্থানীয়দের ধারণা