২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল বাসে আগুন: মানিকগঞ্জের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে স্কুল বাসে আগুনে দেওয়ার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

স্কুল বাসে আগুন: মানিকগঞ্জের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
গ্রেপ্তার মোনায়িম মোস্তাকিম রহমান খান অনিক মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 07:48 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি স্কুলের বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে ঢাকার আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান শিবালয় থানা ওসি এস এম আমানউল্লাহ।

গ্রেপ্তার মোনায়িম মোস্তাকিম রহমান খান অনিক শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ঘোনাপাড়া এলাকার প্রয়াত সাইফুর রহমান খান সুলতানের ছেলে। অনিকের চাচা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু শিবালয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি।

এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকার দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাসটিতে ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান তাজেস দগ্ধ হন। 

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, দগ্ধ চালক 

এ ঘটনায় শুক্রবার দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের স্কুলের অধ্যক্ষ আশরাফুল আলম বাদী হয়ে শিবালয় থানায় মামলা করেন। 

ঘটনার চার দিন পর সোমবার সকালে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪৫ বছর বয়সি তাজেস মারা যান বলে জানিয়েছেন শিবালয় থানার ওসি এসএম আমানউল্লাহ।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) এবং শিবালয় থানার একটি যৌথ দল সকাল সাড়ে ৯টার দিকে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করে।

স্কুল বাসে আগুন: মানিকগঞ্জের দগ্ধ চালকের মৃত্যু

মানিকগঞ্জে তিনটি হাতবোমা বিস্ফোরণ, আহত ২ জন

ওসি আমান উল্লাহ বলেন, স্কুল বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে অনিককে গ্রেপ্তার করা হয়েছে। চালকের মৃত্যু হওয়ায় এ ঘটনায় হওয়া মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তর হবে।

আইনি প্রক্রিয়া শেষে অনিককে আদালতে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।