মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, দগ্ধ চালক
স্থানীয়রা বলছেন, রাতে বাসটি স্ট্যান্ডে পার্কিং করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন চালক।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ সময় বাসের ভেতরে থাকা চালক দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকার দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবালয় থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো।
দগ্ধ বাসের চালক তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা বলছেন, রাতে বাসটি স্ট্যান্ডে পার্কিং করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন চালক। রাত দেড়টার দিকে একদল দুষ্কৃতিকারী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা চালক মারাত্মকভাবে দগ্ধ হন।
খবর পেয়ে শিবালয় থানা পুলিশ গিয়ে চালককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
ওসি মানবেন্দ্র বালো বলেন, “ফলসাটিয়া এলাকায় থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দেওয়া হয়েছে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে বাসের ভেতর থেকে গুরুতর দগ্ধ অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা।”
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
