স্কুল বাসে আগুন: মানিকগঞ্জের দগ্ধ চালকের মৃত্যু
রাতের বেলা বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হন।
মানিকগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে দেওয়া আগুনে দগ্ধ ওই গাড়ির চালক তিন দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
সোমবার সকালে রাজধানী ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ বাসচালক পারভেজ খান তাজেস (৪৫) মারা যান বলে জানিয়েছেন শিবালয় থানার ওসি এসএম আমানউল্লাহ।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে পার্ক করে রাখা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটিতে আগুন দেওয়া হয়। সে সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক পারভেজ গুরুতর দগ্ধ হন।
খবর পেয়ে পুলিশ দগ্ধ চালককে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
নিহত পারভেজ মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।
ওসি আমানউল্লাহ বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনার কারণ ও অপরাধীদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন
