ময়মনসিংহে সড়কে ঝরল নানি-নাতির প্রাণ
এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
ময়মনসিংহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নানি-নাতির মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ জানান।
নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সুলেমান মিয়ার সাত বছর বয়সী ছেলে সানি এবং সুলেমানের শাশুড়ি হালিমা (৫২)।
এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
স্থানীয়দের বরাতে ওসি শাহ কামাল আকন্দ জানান, ওই এলাকার নিপা অটো রাইস মিল থেকে ইঞ্জিনচালিত একটি ট্রলি সড়কে উঠছিল। এ সময় ট্রলিটিতে তারাকান্দাগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সানি এবং হালিমার মৃত্যু হয়।
“এ ঘটনায় আহত ছয়জনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”
ওসি শাহ কামাল বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানানো হবে।
