২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদরাসায় রাতের খাবার খেয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী

গাইবান্ধায় খাবারে বিষক্রিয়ায় এসব শিক্ষার্থী অসুস্থ হতে পারে বলে ধারণা চিকিৎসকের।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2023, 11:50 PM

Updated : 05 Dec 2023, 11:50 PM

গাইবান্ধা সদর উপজেলায় একটি আবাসিক মাদরাসায় রাতের খাবার খেয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

সোমবার রাতে শহরের ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসায় অসুস্থ এসব শিক্ষার্থীকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এ এস এম রুহুল আমিন।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে ওই মাদরাসার ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে সকালে মাদরাসা কর্তৃপক্ষ তাদের হাসপাতালে ভর্তি করায়। সবাইকে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

খাবারে বিষক্রিয়া থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে এ চিকিৎসক জানান।

অসুস্থ শিক্ষার্থী মো. জাবের হোসেন বলে, “রাতে খাবার খেয়ে ঘুমাতে যাই। হঠাৎ পেট ব্যথা শুরু হয়। এরপর পায়খানা ও বমি করি। সকালে হুজুর আমাদের ১৬ জনকে হাসপাতালে নিয়ে আসেন।”

ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার সহকারী শিক্ষক মামুনুর রশিদ বলেন, “মাদরাসাটিতে পড়াশোনা করা প্রায় ২০০ শিক্ষার্থী সবাই আবাসিকে থাকে। সবাইকে তিনবেলা রান্না করা খাবার সরবরাহ করা হয়।

“সোমবার রাতে তারা ভাতের সঙ্গে শিম ভাজি ও ডাল খায়। এরপর শুয়ে পড়ে। রাত ২টার দিকে কয়েকজন শিক্ষার্থী পাতলা পায়খানা ও বমি করে। পরে তাদের স্যালাইন ও ওষুধ খাওয়াই।”

সকাল পর্যন্ত সুস্থ না হওয়ায় তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।

বিষয়টি শিক্ষার্থীদের অভিভাবকদেরও জানানো হয়েছে বলে জানান এ শিক্ষক।