সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
বিএনপির সম্মেলন উপলক্ষে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সাতক্ষীরার দেবহাটায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান ইউএনও।
আসাদুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ৩০ জানুয়ারি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেবহাটা উপজেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
উক্ত সম্মেলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সমূহ সম্ভবনা রয়েছে। সম্মেলন স্থল শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও তার আশপাশে এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থার সদস্য ছাড়া অন্য কোনো ব্যক্তি কোনো প্রকার শক্তি প্রদর্শন, সভা-সমাবেশ করতে পারবে না। মাইকিং, মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া সভা সমাবেশের উদ্দেশ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কোনো প্রকার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহনেও।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এর আগে আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
