২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম: উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ২ শিশুর মৃত্যু

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৬ শিশু।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 12:14 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

ময়মনসিংহে হামে আক্রান্ত বা উপসর্গ দেখা দেওয়া শিশুর সংখ্যা ও মৃত্যু বেড়েই চলছে। 

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও ২৬ শিশু । 

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, দুটি শিশুই বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এর মধ্যে তিন মাস বয়সী একটি শিশু নেত্রকোনা সদরের বাসিন্দা, হাম উপসর্গ নিয়ে তাকে ১৭ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আট মাস বয়সী অপর শিশুটি জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা। ১৮ মার্চ হাম উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ৩২৪ শিশু চিকিৎসা নিয়েছে। এর মাঝে মৃত্যু হয়েছে ৯ শিশুর। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩৯ শিশু। হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৬ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। 

অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে। 

হাম সংক্রমণ রোধে সবাইকে সচেতনতার কাজ করারও অনুরোধ করেন এ চিকিৎসক।