আশুলিয়ায় নির্জন স্থানে পরিত্যক্ত কুয়ায় নারীর গলিত লাশ
এক পোশাককর্মীর স্বজনরা দাবি করেছে, লাশটি তার।
ঢাকার সাভারের আশুলিয়ায় নির্জন এলাকায় অন্তত ৫০ ফুট গভীর একটি কুয়া থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে পরিত্যক্ত ওই কুয়ায় লাশটি ফেলে দেওয়া হয়।
এদিকে পলি (৩২) নামে নিখোঁজ এক তরুণীর স্বজনরা দাবি করেছেন, ওই লাশটি তার।
নিখোঁজ পলি আশুলিয়ায় পলমল গ্রুপের আর.কে-২ নামের একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। তিনি ঝালকাঠি জেলার পুঞ্জিপুতি পাড়া গ্রামের হাশেম মোল্লার মেয়ে।
বৃহস্পতিবার রাতে পলির স্বজন ও কারখানার সহকর্মীদের তথ্যের ভিত্তিতে আশুলিয়ার সদরপুর গ্রামের জনমানবহীন এলাকার একটি সীমানা প্রাচীরের ভেতরে কুয়া থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
পলির ছোট ভাই আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা যতটুকু দেখেছি, তাতে এটা আমার বোনের লাশ বলে মনে হচ্ছে।”
কারখানার শ্রমিকদের কাছে এই স্থানের সন্ধান পেয়েছেন বলে জানান তিনি। এক প্রশ্নে তিনি বলেন, “তারা কীভাবে জানলো যে এখানে লাশ আছে, আমরা তা বলতে পারছি না।”
আশুলিয়া থানার এসআই হাচিব শিকদার বলেন, পলমল গ্রুপের শ্রমিক পলি গত ১১ অক্টোবর কারখানা ছুটির পর অফিস থেকে বের হয়ে যান। পরদিন থেকে আর অফিসে যাননি। অফিসের সহকর্মীরা তার খোঁজ করতে থাকে। এমনকি গ্রামের প্রতিবেশী ও কারখানার সুপারভাইজার আল আমিন তার খোঁজে নিজের স্ত্রীকে পলির গ্রামের বাড়ি ঝালকাঠি পাঠান। সেখানেও তার খোঁজ মেলেনি।
“আজ কারখানার শ্রমিকরা পলির বোন রুনা আক্তারকে ফোন করে জানায়, ওই কুয়ার মধ্যে একটি লাশ পাওয়া গেছে। সেটি তার বোন কি না, এসে দেখার জন্য। খবর পেয়ে পলির স্বজনরা পুলিশকে জানায়।”
লাশ গলিত হওয়ায় পরিচয় শনাক্ত না করা গেলেও পরনের কাপড় দেখে পরিবার দাবি করে এটিই পলির মরদেহ।
এসআই হাচিব বলেন, পলি নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি বা কোনো অভিযোগ করেননি স্বজনরা।
কারখানার শ্রমিক বা স্বজনরা কিভাবে নির্জন এলাকার কুয়ার মধ্যে মরদেহের খবর পেলেন- এমন প্রশ্নে তিনি বলেন, “বিষয়টি রহস্যজনক। আমরা জিজ্ঞাসাবাদ করছি। তদন্তে শেষে বলা যাবে।
“তবে প্রাথমিকভাবে ধারণা হয়ত শ্রমিকরা যাওয়া আসার পথে দুর্গন্ধ পেয়েছেন। তখন গর্তের ভিতর লাশের মতো কিছু দেখতে পেয়ে খবর দিতে পারে। আবার হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যেও গর্তে ফেলে দিতে পারে খুনিরা।”
