Published : 01 May 2026, 10:03 PM
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘ঘামে লেখা ইতিহাস’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়-রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে এ অনুষ্ঠানে শ্রমজীবী মানুষের জীবন, সংগ্রাম ও মর্যাদার নানা দিক তুলে ধরা হয়।
শ্রমিকদের অবদান ও আত্মত্যাগকে স্মরণ করিয়ে দেওয়া এবং এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে স্বনন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশন, তীর্থক নাটক, সমকাল নাট্যচক্র, অ্যাসোসিয়েশন ফর কালচার অ্যান্ড এডুকেশন (এস), গণশিল্পী সংস্থা এবং উদীচী শিল্পীগোষ্ঠী অংশ নেয়।
সংগঠনগুলোর পক্ষ থেকে গান, নাটক, গণসংগীত, মূকাভিনয়, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনচিত্র তুলে ধরা হয়।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনিসা জামান বলেন, “ব্যতিক্রমী এমন আয়োজন এখন ক্যাম্পাসে খুব বেশি দেখা যায় না। অতীতে সাংস্কৃতিক সংগঠনগুলোও অনেক সময় দলীয় মুখপাত্রের ভূমিকা পালন করত। সেখান থেকে বেরিয়ে এসে এমন আয়োজন ভালো কিছুরই ইঙ্গিত দেয়।
“গান, কবিতা, নাটকের মাধ্যমে শ্রমিকদের পরিশ্রম ও ইতিহাসকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা আমাদের নতুন করে ভাবাবে বলে মনে করি। সবশেষ শ্রমিক দিবসে সবাই সম-অধিকার ও নাগরিক সুবিধা পাবেন সেই প্রত্যাশা রাখছি।”
পহেলা মে বা আন্তর্জাতিক শ্রমিক দিবসকে কেন্দ্র করে এ আয়োজন করা হয়েছে জানিয়ে সাংস্কৃতিক জোটের সভাপতি সনৎ কৃষ্ণ ঢালি বলেন, “শ্রমিকদের আত্মত্যাগ ও ঘামের মর্যাদা আমরা অনেক সময়ই দেই না। সেই বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া এবং মানুষকে সচেতন করাই আমাদের প্রধান উদ্দেশ্য।”