Published : 07 Jul 2026, 06:03 PM
জামালপুর সদরের এক নারীকে ধর্ষণের দায়ে দুই আসামিকে যাবজ্জীবন এবং একজনকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে টাঙ্গাইলের একটি আদালত।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওমরাও খান দীপু।
যাবজ্জীবন দণ্ড পাওয়ারা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কামারিয়া গ্রামের শফিকুল ইসলাম শফি এবং একই এলাকার সামছুল হক সামছু।
১৫ বছরের কারাদণ্ড পাওয়া আব্দুর রহিম জামালপুর সদর উপজেলার কটার বাড়ি গ্রামের প্রয়াত আব্দুস সামাদের ছেলে।
পিপি ওমরাও খান বলেন, ২০২৩ সালের ২২ জুন জামালপুর সদর উপজেলার এক নারীকে আসামিরা টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের দোখলার ইয়াদ আলীর চালা এলাকায় নিয়ে যান। সেখানে বনের ভিতর একটি মেশিন ঘরে ওই নারীকে রাতভর ধর্ষণ করা হয়।
ঘটনার চার দিন পর ২৬ জুন ওই নারী বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন বলে জানান তিনি।
পিপি বলেন, তদন্ত শেষে মধুপুর থানার এসআই আব্দুস সাত্তার তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে একই বছরের ২৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও দুই বছর বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি ওমরাও খান।
এ ছাড়া অপর আসামিকে ১৫ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।