২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক কর্মকর্তাকে তুলে নিয়ে নির্যাতন, টাকা আদায়ের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

এনসিপি বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার কথা বলেছে পুলিশ।

ব্যাংক কর্মকর্তাকে তুলে নিয়ে নির্যাতন, টাকা আদায়ের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
এনসিপি বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 07:20 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

এনসিপি বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণের পর মারধর, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, শনিবার রাতে আশরাফুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি অভিযোগ দিয়েছেন। সেটি তদন্ত করা হচ্ছে।  

আশরাফুল ইসলামী ব্যাংক পিএলসি নওগাঁ শাখায় কর্মরত।

অভিযোগে বলা হয়েছে, শনিবার দুপুর আড়াইটার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের দক্ষিণ গেইটসংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে বেতন উত্তোলন করে অটোরিকশায় করে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। পথে তিন মাথা রেলগেইট অতিক্রম করে ফ্লাইওভারের নিচে পৌঁছালে এনসিপি নেতা শওকত ইমরান ও অজ্ঞাত পরিচয় আরও চারজন দুটি মোটরসাইকেল দিয়ে অটোরিকশার গতিরোধ করে। এরপর তাকে মোটরসাইকেলে তুলে মহানগরের পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে নিয়ে আটকে রাখা হয়।

সেখানে তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মেরে নির্যাতন করা হয়। চাকু দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৮২ হাজার টাকা, একটি রিয়েলমি ১৫টি মডেলের মোবাইল ফোন, একটি হুয়াওয়ে জিআর-৫ মিনি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, ইসলামী ব্যাংকের এটিএম কার্ড এবং তিনটি মোবাইল সিম ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার সাক্ষী হিসেবে দুজনের নাম অভিযোগে বলা হয়েছে। 

এতে বলা হয়, নির্যাতনের একপর্যায়ে অভিযুক্তরা তাদের ইচ্ছামত একটি জবানবন্দি ভিডিও করেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে একটি বিকাশ নম্বরে আরও ২০ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। টাকা না পাঠালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে এনসিপি নেতা শওকত ইমরানের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। 

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, শওকত ইমরানের আসা অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।