২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে অস্ত্র ঠেকিয়ে গরুর ট্রলার হাটে নেওয়ার চেষ্টা, আটক ৪

পুলিশ জানায়, চারজনকে আটক করলেও আরো বেশ কয়েকজন পলিয়ে যায়। অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

মুন্সীগঞ্জে অস্ত্র ঠেকিয়ে গরুর ট্রলার হাটে নেওয়ার চেষ্টা, আটক ৪
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে গরু ব্যবসায়ীদের মারধর করার অভিযোগে চারজনকে আটক করা হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2024, 09:37 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে ‘অস্ত্র ঠেকিয়ে’ গরু ব্যবসায়ীদের মারধর করে কোরবানির পশু নিজেদের হাটে তোলার চেষ্টার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মিরকাদিমে এ ঘটনা ঘটে বলে জানান মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম খান।

আটক ব্যক্তিরা হলেন- মো. শুভ (২৬), মো. আলিফ (২২), আকমল হোসেন (৬০) ও আবদুল করিম (৩৫)। 

পুলিশ জানায়, ফরিদপুরের সদরপুর থেকে অর্ধশত গরু নিয়ে ট্রলারটি মুন্সীগঞ্জের মুক্তারপুর হাটে আসছিল। মিরকাদিম পয়েন্ট অতিক্রম করার সময় ট্রলারে করে একদল যুবক লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে চড়াও হয়। গরুগুলি জোর করে তারা মিরকাদিমের হাটে উঠানোর চেষ্টা করেন। 

কিন্তু গরুর ব্যাপারীরা রাজি না হলে তাদের বেদম মারধর করা হয়। তারা ট্রলারের ইঞ্জিন বন্ধ করে দেয়।

বেশ কিছু সময় জবরদস্তির মধ্যে পুলিশ গিয়ে সেখানে উপস্থিত হয়। তখন পালাতে গিয়ে একজন পানিতে পড়ে যায়। অন্যরা তাকে ট্রলারে তুলে নেয়। পুলিশ চারজনকে আটক করে মুক্তারপুর ফাঁড়িতে নিয়ে আসে। 

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা ঘটনার আংশিক সত্যতা স্বীকার করেছেন। 

তিনি জানান, চারজনকে আটক করলেও বেশ কয়েকজন পালিয়ে গেছে। অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তবে লাঠিসোঁটা ও ছিনতাইকারীদের বহনকারী ট্রলারটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।