অপকর্মে জড়িতদের দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি মিনুর
দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মের সঙ্গে জড়িত থাকবে তাদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা।
বিএনপির নামে যারা অপকর্ম করবে তাদের আইনের হাতে তুলে দেওয়ার পাশাপাশি দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
শনিবার দুপুরে রাজশাহীর চন্দ্রিমা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সরকার পতনের পর থেকে বিভিন্নস্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজি করেছেন, তাদেরকে সতর্ক ও হুঁশিয়ার করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান মিজানুর রহমান।
তিনি বলেন, “বিএনপি ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী যদি অপকর্ম করেন, যেমন- বাড়িঘর ভাঙচুর, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি করেন তাহলে সেনাক্যাম্প, পুলিশ কমিশনার, আইনশৃঙ্খলা বাহিনীসহ দলের সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ করবেন।
“দুষ্কৃতিকারীরা দলের নাম ভাঙিয়ে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়েছে। যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। এ ছাড়া শেখ হাসিনা সরকারের দালাল, সন্ত্রাসী, লুটেরা ও জনগণের ওপর নির্যাতনকারীদের সঙ্গে যদি দলের কেউ মেশে বা আশ্রয় দেয়, তাদেরও বহিষ্কার করা হবে।”
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘অগণতান্ত্রিকভাবে’ দেশের বাইরে রাখা হয়েছে। এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। দ্রুত তাকে ফিরিয়ে আনা হবে।
“সেইসঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তির কেউ যেন ভবিষ্যতে না করতে পারে, এ জন্য সকলকে সজাগ থাকতে হবে।”
সংবাদ সম্মেলনে রাজশাহী বার সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী আবুল কাশেম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য রফিকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ওয়াসিম হোসেন এবং রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক জমসেদ আলী উপস্থিত ছিলেন।
