নারায়ণগঞ্জ-২: জামায়াতের ‘প্রচারে বাধা দেওয়া’ নিয়ে মারামারি, আহত ৭
আড়াইহাজারের গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জানান আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন।
তিনি বলেন, প্রচারে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সেখান থেকে রাস্তায় বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
তবে আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লার অভিযোগ, বেলা সোয়া ১২টার দিকে মোল্লারচরে তাদের নারী কর্মীদের প্রচারে বাধা দেওয়া হয়। এ খবর শুনে জামায়াতের প্রার্থী ও তার সমর্থকরা সেখানে গেলে স্থানীয় বিএনপির কর্মীরা তাদের ওপর হামলা চালায়।
“আমাদের নারী কর্মীদের ‘জান্নাতের টিকেট’ বিক্রি করতে এসেছে বলে নাজেহাল করা হয়। তাদের নেকাব খুলে প্রচার চালাতে বলা হয়। সেখানে আমার প্রধান নির্বাচনি এজেন্ট আজিজুল হকের স্ত্রীও ছিলেন। এ নিয়ে আমরা যখন কথা বলতে যাই, তখন বিএনপির কর্মীরা বাঁশ দিয়ে আমাদের ওপর হামলা চালায়”, বলেন তিনি।
হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে দাবি করেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লা।
আহতদের মধ্যে জামায়াতের রুকন (সদস্য) মুফতি মাহমুদ আব্বাসী, ইসলামী ছাত্রশিবিরের গোপালদী পৌরসভার সভাপতি মেহেদী হাসান অর্নব ও শিবিরের কর্মী শাফিল আহমেদ আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানান তিনি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, “আমাদের প্রার্থীর ব্যানারের সাথে জামায়াতের ব্যানার স্থাপনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কোনো হামলার ঘটনা ঘটেনি। ছোট বিষয়টারে বড় করতে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন জামায়াতের প্রার্থী।”
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর বলেন, “ঘটনাস্থলে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স নিয়ে গিয়েছিলেন। উভয়পক্ষই বিষয়টি মিসআন্ডারস্ট্যান্ডিং হিসেবে নিয়েছেন।
“তবে এ বিষয়ে জামায়াত বা কারও পক্ষ থেকে আরও কোনও অভিযোগ থাকলেও সে অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
তবে রাত ৯টা পর্যন্ত আড়াইহাজার থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানান ওসি আলাউদ্দিন।
