ফেনীতে ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় আওয়ামী লীগ নেতা-সাংবাদিক গ্রেপ্তার
এর মধ্যে দুজন সন্দেহভাজন ও একজন এজাহারভুক্ত আসামি বলে জানায় পুলিশ।
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা, সাংবাদিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ফেনীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তাদের শুক্রাবার বিকালে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
গ্রেপ্তাররা হলেন- ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি তাজুল ইসলাম (৬১), দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তপন চন্দ্র দাস (৩৮) ও সাংবাদিক আবুল হোসেন রিপন (৪০)।
রিপন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সোনাগাজী উপজেলা প্রতিনিধি।
এদের মধ্যে তপন চন্দ্র একটি হত্যা ও তাজুল ইসলাম হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন আসামি। আর আবুল হোসেন রিপন হত্যাচেষ্টা মামলার এজহারভুক্ত আসামি।
মামলার নথির বরাতে র্যাব ও পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে গত ৪ অগাস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহীপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেন ছাত্র ও জনতা।
তাদের কর্মসূচিতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে ঘটনাস্থলে আটজন ও পরে একজন নিহত হন। আহত হন শতাধিক ছাত্র-জনতা।
র্যাব ৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, “গত ১৮ নভেম্বর নোয়াখালীর সেনবাগ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক আবদুর রব ১৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।
মামলার এজহারে সাংবাদিক আবুল হোসেন রিপন ৫২ নম্বর আসামি। তাকে সোনাগাজীর চরচান্দিয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ ছাড়া ফেনী মডেল থানায় ১৬টি হত্যা ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় বলে র্যাব কর্মকর্তা জানান।
