২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অবৈধ বালু পরিবহনের দায়ে ২ জনের কারাদণ্ড

ইউএনও জানান, নয়টি শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি মিনি ড্রেজার মেশিন ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2025, 05:31 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার সকালে ঝিনাইগাতী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান। ।

দণ্ডিতরা হলেন- উপজেলার ফুলহাড়ি গ্রামের বাসিন্দা মনির হোসেন (২৫) এবং ধানশাইল গ্রামের বাসিন্দা সোহরাব আলীর ছেলে লাল চাঁন (৩৫)।

ইউএনও আশরাফুল বলেন, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী মহারশি নদীর শালচূড়া এলাকায় বালু উত্তোলন কাজ চালিয়ে আসছিল। 

“এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়টি শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি মিনি ড্রেজার মেশিন ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করা হয়। তবে খবর পেয়ে বালু উত্তোলনে জড়িতরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।” 

তিনি বলেন, “পরে ঝিনাইগাতী বাজার এলাকায় বালু পরিবহনের সময় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি গাড়ির দুইজন চালককে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলির চালক মনিরকে ২০ দিন এবং লাল চাঁনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।”

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই উপজেলার নির্বাহী কর্মকর্তা। 

এ সময় অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।