২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইটভাটা, জরিমানা ১১ লাখ

পরিবেশ অধিদপ্তর বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালায়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 10:15 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ছয়টি ইটভাটা মালিকের কাছ থেকে ১১ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। 

এ সময় একটি ইটভাটা ও সেখানে থাকা কাঁচা ইট ভেঙে ফেলা হয়েছে। 

পরিবেশ অধিদপ্তর বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালায়। 

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতি এলাকায় অবস্থিত মের্সাস এসঅ্যান্ডবি ব্রিকস ভাটার চিমনি ও কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়েছে। 

এ ছাড়া উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া এলাকার মের্সাস নয়ন ব্রিকসের কাছ থেকে দুই লাখ টাকা, হাটিকুমরুল এলাকার মের্সাস যমুনা ব্রিকসের কাছ তিন লাখ টাকা, ধোপাকান্দি এলাকার মের্সাস শাপলা ব্রিকসের কাছ থেকে দেড় লাখ টাকা, রায়গঞ্জ উপজেলার দত্তকুশা এলাকার মের্সাস তন্ময় ব্রিকসের কাছ থেকে তিন লাখ টাকা, ঘুড়কা এলাকার মের্সাস উজ্জ্বল ব্রিকসের কাছ থেকে ৫০ হাজার টাকা এবং দাথিয়া বেনিমাধব এলাকার মের্সাস কেয়া ব্রিকসের মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।      

অভিযানে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার পরিচালক নীলুফা ইয়াসমিন, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলম এবং র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।