২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সমর্থক নিহত

ওসি শফিউল আজম বলেন, “ঘটনাস্থল দুর্গম হওয়ায় লাশ উদ্ধারে সময় লাগবে।"

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সমর্থক নিহত
ফাইল ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2024, 11:27 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের এক সমর্থক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

শনিবার রাত ৯টায় উপজেলার দুদকছড়ার দুর্গম সীমানা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পানছড়ি থানার ওসি শফিউল আজম। 

নিহত বরুন বিকাশ চাকমা (৫৫) পানছড়ির লোগাং ইউনিয়নের কমল কৃষ্ণ কার্বারি পাড়ার সুধীর কুমার চাকমার ছেলে। 

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, “বরুন বিকাশ চাকমা আমাদের পার্টির একজন সমর্থক। শনিবার রাতে তিনি নিজের বাড়িতেই অবস্থান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা এসে তাকে গুলি করে। এতে ঘরের ভেতরেই তার মৃত্যু হয়।”

এ হত্যাকাণ্ডের জন্য জেএসএসকে (সন্তু লারমা) দায়ী করেছেন অংগ্য মারমা।

তবে অভিযোগের বিষয়ে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

ওসি শফিউল আজম বলেন, “ঘটনাস্থল দুর্গম হওয়ায় লাশ উদ্ধারে সময় লাগবে।"