ত্রিপুরায় ‘ইসকনের’ সড়ক অবরোধ, এপারে বন্ধ আমদানি-রপ্তানি
“শুল্ক স্টেশনের রাস্তা খুলে দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।”
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতে ‘ইসকন সদস্যরা’ সড়ক অবরোধ করায় চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বুধবার বিকাল থেকে ত্রিপুরা রাজ্যের কৈলাশহরে ‘ইসকন সদস্যরা’ চাতলাপুর শুল্ক স্টেশন অভিমুখী রাস্তা বন্ধ করে দেয়। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি বলে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান।
তিনি বলেন, “অবরোধের ফলে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। একইসঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না। শুল্ক স্টেশনের রাস্তা খুলে দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।”
চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী বলেন, “হঠাৎ করে সমস্যা দেখা দিয়েছে। বুধবার প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে যায়। ভারতে পাঠানোর জন্য আনা অনেক মাছসহ কাঁচা পণ্য নষ্ট হচ্ছে। এতে আমরা বড় রকমের ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি।”
এ ব্যাপারে সিলেট কাস্টমস বিভাগের উপ-কমিশনার মমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশ প্রান্তে কোনো সমস্যা না। এটা ভারতের অংশের সমস্যা। বিষয়টি সমাধানের জন্য আমরা ভারতের কাস্টমসের সঙ্গে আলোচনা করছি।”
