০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে পানিতে ডুবে প্রাণ গেল ২ জনের

পুলিশ জানায়, নিচু জমির পানিতে পড়ে শিশু ফারিয়া এবং দুধকুমার নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে ডুবে যান ঝন্টু।

কুড়িগ্রামে পানিতে ডুবে প্রাণ গেল ২ জনের
প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2024, 08:15 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে এক শিশু ও যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার ৩ নম্বর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রাম এবং পাইকেরছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিলবাড়ি এলাকায় এসব ঘটনা ঘটে বলে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান। 

নিহতরা হলেন- উপজেলার ৩ নম্বর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের রফিকুল ইসলাম দেড় বছরের মেয়ে ফারিয়া এবং  পাইকেরছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিলবাড়ি এলাকায় শামছুল হকের ছেলে ঝন্টু মিয়া (৩৫)। 

নিহত ফারিয়ার বাবা রফিকুল বলেন, দুপুরে ফারিয়া বাড়ির উঠানে খেলা করছিল। তার মা ঘরের কাজে ব‍্যস্ত থাকায় ফারিয়া খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায়। 

“এ সময় বাড়ির পাশে মাছ চাষ করা নিচু জমির পানিতে পড়ে ডুবে যায় সে। অনেকক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে ফারিয়ার মা তাকে খুঁজতে গিয়ে পানিতে পড়ে থাকতে দেখেন।” 

এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। 

এদিকে, ওসি রুহুল আমিন বলেন, ভোরে ঝন্টু দুধকুমার নদীর সোনাহাট ব্রিজের উত্তর পাশে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যান। সকাল ৮টার দিকে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি ওই স্থানে মাছ ধরতে জাল ফেলেন। এ সময় পানিতে নামলে ঝন্টুর ডুবন্ত লাশ তার পায়ে লাগে। 

তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।