১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সোমেশ্বরীতে নৌকাডুবি: ৪৪ ঘণ্টা পর নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার

একদিন আগে নেত্রকোণার কেরনখলা ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে খালিশাপাড়া ঘাটে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 02:21 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে নৌকাডুবির ৪৪ ঘণ্টা পর নিখোঁজ মাদ্রাসার ছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার সকাল ১০টার দিকে নদীর কলমাকান্দা উপজেলার শ্যামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে নৌকাডুবির ঘটনায় সে নিখোঁজ হয়।

নিহত রেখা আক্তার (১৭) উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের মহরম আলীর মেয়ে। সে কেরনখলা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিসের মুহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীসহ ২০-২৫ যাত্রী নিয়ে একটি ছোট নৌকা কেরনখলা ফেরিঘাট থেকে খালিশাপাড়া ঘাটের দিকে যাচ্ছিল। কিছু দূর যেতেই নৌকাটি ডুবে যায়।

এ সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মাদ্রাসা ছাত্রী রেখা নদীতে তলিয়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।

এরপর থেকে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দলের সদস্যরা নদীতে উদ্ধার তৎপরতা চালায়।

নিখোঁজের ৪৪ ঘণ্টা পর সকাল ১০টার দিকে নদীর কলমাকান্দা উপজেলার শ্যামপুর এলাকা থেকে রেখার লাশ উদ্ধার করা হয় বলে জানান মুহাম্মদ আলী। 

আরও পড়ুন:

নেত্রকোণায় সোমেশ্বরীতে নৌকা ডুবে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ