১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় সোমেশ্বরীতে নৌকা ডুবে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

নৌকার নিচে ছিদ্র ও বেশি যাত্রী নেওয়ায় এটি ডুবে গেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

নেত্রকোণায় সোমেশ্বরীতে নৌকা ডুবে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 09:57 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে। খবর পেয়ে নদীতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে বলে জানান দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব।

নিখোঁজ রেখা আক্তার (১৭) উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের মহরম আলীর মেয়ে। সে কেরনখলা মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার দিকে দিকে মাদ্রাসার শিক্ষার্থীসহ ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি ছোট নৌকা কেরনখলা ফেরিঘাট থেকে খালিশাপাড়া ঘাটের দিকে যাচ্ছিল। কিছু দূর যেতেই নৌকাটি ডুবে যায়।

এ সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মাদ্রাসা ছাত্রী রেখা নদীতে তলিয়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।

বেঁচে যাওয়া যাত্রী সোহেল রানা বলেন, “বেশি মানুষ নেওয়া ও নৌকার নিচে ছিদ্র থাকায় এটি ডুবে যায়। বেশি যাত্রী নিতে নিষেধ করার পরও মাঝি শোনেননি।”

রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী বলেন, নৌকার নিচে ছিদ্র ও বেশি যাত্রী নেওয়ায় এটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে শোনা গেছে।

রাত সোয়া ৮টার দিকে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে; তারা উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে বলে জানান ওসি উত্তম চন্দ্র দেব।