২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে কচুরিপানার মাঝে ‘ভাসছে’ প্রাথমিক বিদ্যালয়

নিম্নাঞ্চলের এই স্কুলটির চারপাশে কোনো রাস্তা নেই, তাই বর্ষা শুরু হলে নৌকায় চেপেই আসতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 12:51 PM

Updated : 13 Dec 2023, 12:51 PM

চারদিকে থই থই করছে পানি, সেই পানি ঢেকে আছে সবুজ কচুরিপনায়। এরই মাঝে ভেসে আছে একটি স্কুল ভবন; যেন সবুজের বুকে জেগে থাকা বিচ্ছিন্ন কোনো দ্বীপ।

প্রতিবছর বর্ষা শুরু হলেই টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিণত হয় ‘বিচ্ছিন্ন দ্বীপে’। এবারও ব্যতিক্রম হয়নি।

মৌসুমের শুরুতেই পানিতে তলিয়ে গেছে স্কুলের মাঠ। দুই সপ্তাহ আগে টানা বৃষ্টিতে পানি বেড়ে ডুবছে ভবনের মেঝে, ফলে স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গেছে পাঠদান।

নিচু জমির ওপর প্রতিষ্ঠিত স্কুলভবনটির চারপাশে জমে থাকা পানিতে এখন শোভা পাচ্ছে কচুরিপানা। দূর থেকে মাঠের মধ্যে জেগে থাকা ভবন মনে হলেও আদতে তা নয়।

স্থানীয়রা বলছেন, আবাদি নিচু জমিতে অপরিকল্পিতভাবে তৈরি করা স্কুলটি শুরু থেকেই বর্ষাকালে ভোগান্তিতে পড়ে। বৃষ্টি বেশি হলে প্রতিবছরই কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয় পাঠদান।

নিম্নাঞ্চলের এই স্কুলটির চারপাশে কোনো রাস্তা নেই, তাই বর্ষা শুরু হলে নৌকায় চেপেই আসতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। কিন্তু এবার চারপাশে এত কচুরিপানা জমেছে যে তার চাপে নৌকা নিয়েও আসতে পারছে না কেউ। ফলে স্কুল ভবনের মেঝে থেকে পানি নামতে শুরু করলেও সেখানে যাওয়ার কোনো উপায় নেই।

উপজেলা শিক্ষা অফিস জানিয়েছে, বাসাইল উপজেলায় ৭৯ টি প্রাথমিক বিদ্যালয়, ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ১১ টি মাদ্রাসা এবং তিনটি কলেজ রয়েছে। এর মধ্যে ৪-৫টি স্কুলে পানি উঠেছে; এদের মধ্যে দুটিতে পাঠদান বন্ধ রয়েছে।

রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদের মিয়া বলেন, “দুই বছর ধরে শুনছি বিদ্যালয়টির নতুন ভবন করা হবে। এখনো নতুন ভবন তৈরি হয়নি। এলাকাটি নিম্নাঞ্চল হওয়ায় বর্ষাকাল এলেই স্কুলের মাঠ ও মেঝেতে পানি ওঠে। তখন শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে হয়।”

প্রধান শিক্ষিকা হোসনে আরা আক্তার পপি বলেন, “২০১৮ প্রধান শিক্ষিকা হিসেবে যোগদানের পর থেকেই আমি চেষ্টা করছি নতুন ভবন ও বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে বিদ্যালয়টি ব্যবহারের চেষ্টার জন্য। যেখানে নিচে খোলা থাকবে আর উপরে পাঠদান চলবে।

গতবছরও আবেদন করছি। ২০২১ সালে যখন বড় বন্যা হয় তখনও ছবিসহ আবেদন করছি, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

“এ বছরও আমি কর্মকর্তাদের কাছে বিদ্যালয়ের ছবি পাঠিয়েছি। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।”

বিদ্যালয়ের মেঝেতে একফুট উচ্চতার পানি উঠেছিল জানিয়ে তিনি বলেন, “দ্বিতীয় সাময়িক মূল্যায়নের তিনটি পরীক্ষা বিদ্যালয়ে নিতে পারলেও বাকী তিনটি পরীক্ষা বেসরকারি একটি কিন্ডারগার্টেনের ভবনে নিতে হয়েছে। এখন চারপাশে কচুরিপানার কারণে শিক্ষার্থীরা আসতে পারছে না।”

এ বিষয়ে বাসাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আনজুম আরা বেগম বীথি বলেন, “আমি এই উপজেলায় নতুন এসেছি।তবে বিদ্যালয়টি সম্পর্কে জেনেছি, পরিদর্শনও করেছি। উপজেলার কল্যাণপুর এলাকার আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও একই অবস্থা। পানির কারণে সেখানেও পাঠদান বন্ধ রয়েছে।”

পরবর্তী বছরে বর্ষাকালে নিকটস্থ আশ্রয়ণ কেন্দ্রে এসব বিদ্যালয়গুলোর ক্লাস চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]