২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে রেস্তোরাঁয় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

বিকালে একতা টাওয়ারের নিচতলার একটি দোকানে ধোঁয়া দেখতে পায় এলাকাবাসী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 08:53 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একতা টাওয়ারের নিচতলায় একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

শনিবার বিকাল ৫টার দিকে নগরের আমবাগ সড়কে ভবনটির নিচতলায় ‘টেস্টিং টম’ নামের ফাস্টফুডের দোকানে এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, শনিবার মার্কেট সাপ্তাহিক বন্ধ ছিল। ওই ফাস্টফুডের দোকানটিও বন্ধ ছিল। বিকালে হঠাৎ একতা টাওয়ারের নিচতলার একটি দোকানে ধোঁয়া দেখতে পায় এলাকাবাসী।

খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আশরাফুজ্জামান বলেন, মার্কেটের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নিয়ন্ত্রণের কাজ করতে বেশ বেগ পেতে হয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।