অবরোধের মধ্যে ফেনীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির
সন্ধ্যায় হরতালের সমর্থনে ফেনীতে মশাল মিছিল করে জেলা বিএনপির নেতাকর্মীরা।
ফেনীতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।
সোমবার বিকালে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেড় মাসের বেশি সময় ধরে দফায় দফায় হরতাল-অবরোধ পালন করছে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আলাল উদ্দিন বলেন, "ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছে তার প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।"
ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ খালেক হরতাল সফল করতে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।
কর্মসূচি ঘোষণার পর সন্ধ্যায় হরতালের সমর্থনে ফেনীতে মশাল মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। এর আগে টানা ৩৬ ঘণ্টা অবরোধ সমর্থনে এবং বিএনপি নেতা মজনুকে সাজা দেওয়ার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মজুমদার রশিদের নেতৃত্বে দুপুরে মিছিলটি জহিরিয়া মসজিদ থেকে শুরু হয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পুলিশ ফাঁড়ির সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক রকিবুল হাসান, সহ-সম্পাদক শাহাদাত হোসেন, মোহাম্মদ মাসুম, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিফাত উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ মিয়াজী ও সাফাত উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় শ্লোগানে শ্লোগানে ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের মুক্তির দাবি করা হয়।
