কুমিল্লায় ২৪ ঘণ্টায় তিন লাশ উদ্ধার
এদের মধ্যে দুজন নিখোঁজ ছিলেন।
কুমিল্লায় ২৪ ঘণ্টায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার আদর্শ সদর উপজেলার দুতিয়ার দিঘীর পাড়, লাকসাম উপজেলার আইসক্রিম ফ্যাক্টরি এবং লালমাই উপজেলার হরিশ্চর রেললাইনের পাশ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মমিনুল হক বলেন, নিখোঁজের দুদিন পর দুতিয়ার দিঘীর পুকুর পাড় থেকে মাদ্রাসা শিক্ষার্থী সামিউল বাসিরের (১১) মরদেহ উদ্ধার করা হয়।
সামিউল সদর দক্ষিণ উপজেলার আবু ইউসুফের ছেলে। দুতিয়ার দিঘির পাড় গাউছিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানায় সে লেখাপড়া করত।
মমিনুল হক বলেন, কে কী কারণে সামিউলকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে কিছু সিসিটিভির ভিডিও পাওয়া গেছে।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার ভিতর থেকে সাব্বির হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তীব্র দুর্গন্ধ পেয়ে মরদেহের ব্যাপারে খবর দেয় স্থানীয়রা।
সাব্বির পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীমুড়া উত্তর পাড়ায় বাসিন্দা। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।
ওসি নাজনীন সুলতানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর (নিশ্চিন্তপুর) এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স হবে ৩০।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর রাতের পর কোনো এক সময় চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
