২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি-খাগড়াছড়িতে ‘সাম্প্রদায়িক হামলায়’ নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দাবি

এক বছর আগের হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 09:52 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে ‘সাম্প্রদায়িক হামলায়’ নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটি সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার বেলা ৩টার দিকে সদর উপজেলার কুতুকছড়ি বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

সমাবেশ শুরুর আগে দুপুর আড়াইটার দিকে নির্বাণপুর বিহার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে কুতুকছড়ি বাজারে গিয়ে সমাবেশ মিলিত হয়। 

সমাবেশে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি তনুময় চাকমার সভাপতিত্বে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক নির্ণয় চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি কুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক রিতা চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে ‘পাহাড়ি ও বাঙালিদের’ মধ্যে সংঘর্ষের জেরে হামলা-লুটপাট-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সময় সংঘর্ষে চারজন নিহত হন; যাদের মধ্যে তিনজন খাগড়াছড়ির এবং একজন রাঙামাটির।

নারকীয় সেই হত্যাকাণ্ডের আজও বিচার করেনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। রাষ্ট্র যদি আমাদের নাগরিক ভাবত, তাহলে হত্যাকাণ্ডের বিচার করত। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিত। ঘটনার এক বছর পরও পরিবারগুলো বিচার পায়নি।

দ্রুত সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন নেতারা। 

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, ওই ঘটনায় রাঙামাটিতে একটি হত্যা মামলা ও দুটি সহিংসতার মামলা করা হয়। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছেন পাঁচজন। মামলাগুলো তদন্তাধীন রয়েছে।

থমথমে রাঙামাটি-দীঘিনালা, শান্তি ফেরানোর আহ্বান

দৃশ্যত শান্ত রাঙামাটি-খাগড়াছড়িতে ভয়, আতঙ্ক

খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষ থেকে দোকানে অগ্নিসংযোগ

খাগড়াছড়ির জেরে রাঙামাটিতেও মৃত্যুর খবর, ১৪৪ ধারা জারি

আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টাকারীদের হাত ভেঙে দেওয়া হবে