২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শোবার ঘরে পড়েছিল বৃদ্ধার গলাকাটা লাশ

বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমিয়েছিলেন বলে জানায় পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 03:52 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শোবার ঘর থেকে ৭৫ বছরের এক বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মইনুল ইসলাম।

নিহত রেজিয়া বেগম ওই গ্রামের শবদুল ইসলামের স্ত্রী। 

নিহতের পরিবারের বরাতে পুলিশ পরিদর্শক মইনুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার রাতে স্বামী এবং স্ত্রী আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে শবদুল ইসলাম স্ত্রীর শোবার ঘরে গিয়ে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। 

“প্রতিবেশীরা ছুটে গিয়ে মৃতদেহ দেখে থানায় খবর দেয়। মৃতদেহের মাথায় ও গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।” 

তিনি বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান।