শেরপুরে ধর্ষণে যাবজ্জীবন দণ্ডিত দুই আসামি গ্রেপ্তার
র্যাব জানায়, এক কিশোরী ও এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে গোলাগ ও বাবুলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
শেরপুরে এক কিশোরী ও এক কলেজছাত্রীকে অপহরণ পর ধর্ষণের পৃথক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য র্যাব-১৪ এর পক্ষ থেকে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান।
গ্রেপ্তাররা হলেন মো. গোলাপ হোসন (৪০) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের বাসিন্দা এবং ময়মনসিংহরে ফুলবাড়িয়া উপজেলার নয়াবাড়ির বাবুল তিলক দাস।
গোলাপ হোসেনের মামলার বরাত দিয়ে আশিক উজ্জামান জানান, ২০১৪ সালের ১৮ এপ্রিল গোলাপ তার প্রতিবেশী ১২ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে রাজধানী ঢাকার এয়ারপোর্টের নদ্দা এলাকায় ভাড়া বাসায় আটকে রাখেন। এরপর তিনি ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ওই বছরের ২৯ এপ্রিল ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এরপর তার বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলা করেন।
২০২১ সালের ২৫ অক্টোবর শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আসামি গোলাপ হোসেনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় ১৪ বছর এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
আশিক উজ্জামান জানান, নয় বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন গোলাপ। গত মঙ্গলবার [২০২৩ সালের ৪ এপ্রিল] ঢাকার আশুলিয়ার জামগড়া থেকে তাকে গ্রেপ্তার করে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করে।
বাবুল তিলক দাসের মামলার বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, ২০১৯ সালের ২৪ অগাস্ট শেরপুরের নকলা উপজেলার ম্যানেজার মার্কেট এলাকা থেকে এক কলেজছাত্রীকে অপহরণ করেন বাবুল। এরপর গাজীপুরের বাসন থানার ইটাহাটার একটি বাসায় আটক রেখে ধর্ষণ করেন ওই কলেজ ছাত্রীকে।
পরে ওই এলাকা থেকে কলেজছাত্রীকে নকলা থানার পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২০২২ সালের ২১ এপ্রিল আসামি বাবুলের বিরুদ্ধে অপহরণের দায়ে ১৪ বছর ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
চার বছর আত্মগোপনে থাকা বাবুলকে গত মঙ্গলবার [২০২৩ সালের ৪ এপ্রিল] গাজীপুর সদর উপজেলার ভোগড়া থেকে র্যাব গ্রেপ্তার করে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
