টাঙ্গাইলে নিখোঁজের ৫ দিন পর বিলে মিলল অর্ধগলিত লাশ
সন্ধ্যায় কালোহা বিলে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর বিল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা বিল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।
নিহত ৪৪ বছর বয়সি লিটন উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামের প্রয়াত আতশের ছেলে।
পুলিশ জানায়, লিটন তার বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যে জুয়া খেলতেন। ৭ ডিসেম্বর সন্ধ্যার আগে কালোহা পশ্চিম পাড়ায় তিনি জুয়া খেলতে বসেন। পরে গ্রামে হৈ-হুল্লোড় শব্দ পেয়ে তারা কালোহা বিলের দিকে ছোটাছুটি করেন। এরপর থেকে লিটন নিখোঁজ ছিলেন।
ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, সন্ধ্যায় কালোহা বিলে লিটনের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
