২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় নৌকার সমর্থককে কুপিয়ে জখম, অভিযোগ স্বতন্ত্রে বিরুদ্ধে

স্বতন্ত্রের সমর্থকরা ভোটের আগে থেকেই নৌকার কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল বলে অভিযোগ ইউপি চেয়ারম্যানের।

নওগাঁয় নৌকার সমর্থককে কুপিয়ে জখম, অভিযোগ স্বতন্ত্রে বিরুদ্ধে

আহত হাফিজুর রহমান শিপলু নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 08:09 PM

Updated : 10 Jan 2024, 08:09 PM

নওগাঁ সদর উপজেলায় নৌকার এক কর্মীকে মারধর করে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। 

মঙ্গলবার বিকালে উপজেলায় চণ্ডিপুর ইউনিয়নের এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নওগাঁ সদর থানার ওসি জাহিদুর রহমান।

 আহত হাফিজুর রহমান শিপলু (২৮) ওই ইউনিয়নের চণ্ডিপুর উত্তরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী। তিনি নওগাঁ সদর হাসপাতালে ভর্তি আছেন। 

এ ঘটনায় বুধবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। 

চণ্ডিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান নাসিম বলেন, ঘটনার দিন বিকালে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন জলিল জনের সমর্থক শিপলু নিজ এলাকায় পুকুর পাড়ে বসে ছিলেন। 

“এ সময় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের কয়েকজন সমর্থক শিপলুকে গালাগাল করতে থাকেন। প্রতিবাদ করলে তাকে মারধর করে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়।” 

“নৌকার সমর্থন করায় নির্বাচনের আগে থেকেই স্বতন্ত্রের সমর্থকরা আমাদের কর্মীদের হুমকি দিয়ে আসছিল। তারা আমাকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে।” 

চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশীদ আলম রুবেল বলেন, “ভোটের আগে থেকেই নৌকার কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছেন তারা। শিপলুকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছিল।” 

হামলার অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদের ছোট ভাই দেওয়ান জুবায়ের আহমেদ মোবাইল ফোনে বলেন, “ভোটের পর নেতাকর্মীদের শান্ত থাকতে বলা হয়েছে। মঙ্গলবারের হামলার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়।” 

অভিযোগ পাওয়ার কথা জানিয়ে ওসি জাহিদুর রহমান বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে এক লাখ ৪ হাজার ৬৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন জলিল। নিকটতম স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ পেয়েছেন ৫২ হাজার ৮৮৪ ভোট।